ঈদের পরে নিদর্লীয় সরকারের রুপরেখা দেবে বিএনপি : ব্যারিস্টার মওদুদ
>>>>সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর উপর ভিত্তি করে বিএনপির স্থায়ী কমিটি ঈদের পরে নিদর্লীয় সরকারের একটি রুপরেখা প্রকাশ করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আগামীর বাংলাদেশ আয়োজিত সংকটের আবর্তে বাংলাদেশ : উত্তরণের উপায় শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার মওদুদ বলেন, সেই নিদর্লীয় সরকারের রুপরেখা আমরা জনগণের সামনে উপস্থাপন করব এবং তা বাস্তবায়নের জন্য সরকারের কাছে আহ্বান জানাব।
ঈদের পরে লাগাতার কঠোর কর্মসূচি দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, যত দিন পর্যন্ত নিদর্লীয় সরকারের দাবী বর্তমান সরকার মেনে না নিবে, ততো দিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
তিনি আরো বলেন, আমাদের কাছে এখন রুপরেখার চেয়ে আন্দোলনেই বড় ইস্যু। কেননা আন্দোলনের মাধ্যমেই নিদর্লীয় সরকারের অধীনে আগামী নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে।
বিএনপির এই জৈষ্ঠ্য নেতা বলেন, অর্ন্তবর্তী সরকারের প্রস্তাব আমরা প্রত্যাখান করি কেননা ১৯৯৬ সালে কমনওয়েলথের তৎকালীন মহাসচিব স্যার স্টেফিন নিনিয়ান অর্ন্তবর্তীকালীন সরকারের প্রস্তাব বর্তমান প্রধানমন্ত্রীকে দিয়েছিল কিন্তু তিনি সেই প্রস্তাব প্রত্যাখান করতে এক মিনিটও সময় নেননি।
তিনি বলেন, অর্ন্তবর্তী কিংবা নিদর্লীয় সরকারের প্রধান যদি প্রধানমন্ত্রী হয়, এর সাথে তাদের দলীয় লোকরা যদি প্রশাসন দখল করে রাখে, তাহলে তাদের তাদের অধীনে কোন নির্বাচন সুষ্ঠ হতে পারেনা।
তিনি আরো বলেন,সরকার বুঝতে পেরেছে তাদের জনপ্রিয়তা নেই, জনগণ তাদেরকে প্রত্যাখান করেছে, সেই ভয়ে তারা নিদর্লীয় সরকারের বিধান বাতিল করে এখন দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায়।
ব্যারিস্টার মওদুদ বলেন, বর্তমান সরকার জনগণের আশা-আকাঙ্খা ধ্বংস করে দিয়েছে যার কারণে দেশে এখন বিশ্বাসের সংকট চলছে। এই সংকট থেকে উত্তরণের একটাই পথ, তা হলো নিদর্লীয় সরকারের অধীনে একটি সুষ্ঠ নির্বাচন।
অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক বলেন, গণতন্ত্রকে হত্যা করার জন্য প্রধানমন্ত্রী অর্ন্তবর্তীকালীন সরকারের প্রস্তাব দিয়েছে। তিনি যতই ছল চাতুরি করেন না কেন তাকে নিদর্লীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
তিনি বলেন, দাবী আদায় না হলে ঈদের পরে জনগণকে সাথে নিয়ে এই সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলা হবে।
সংগঠনের সভাপতি মো. শাহআলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিএনপির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক তাহমিনা আক্তার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার প্রমুখ।











