সংবিধানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বা প্রধান নেই
>>>>সংবিধান অনুসারে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বা প্রধান কোনটিই নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে। সুরঞ্জিত বলেন, সংবিধানে অন্তবর্তী সরকারের কোনো উপদেষ্টা নেই, প্রধানও নেই। সুতরাং এ নিয়ে আলোচনার কোনো অবকাশ নেই। এসময় প্রধানমন্ত্রীর প্রস্তাবিত সর্বদলীয় সরকার ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সংবিধানের বাইরে কথা বলা কোনোদিনই সমীচিন হবে না, হয়ও না, হতেও পারে না। কারোরই কোনো অবস্থায়ই সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তবে বিরোধী দল চাইলে অন্তর্বর্তী সরকারের মন্ত্রী হিসেবে থাকতে পারে বলে মন্তব্য করেন সুরঞ্জিত সেনগুপ্ত। এ সময় নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনকে শক্তিশালী করার বিষয়ে পরামর্শ দিতে বিরোধীদলের প্রতি আহ্বান জানান সুরঞ্জিত। তিনি বলেন, নির্বাচন কমিশনকে শক্তিশালী করার প্রয়োজন রয়েছে। সে ব্যাপারে বিরোধীদলের কাছে আমরা সহযোগিতা কামনা করছি।











