বানিয়াচংয়ে বৃদ্ধকে গলাটিপে হত্যা
সংবাদদাতা, হবিগঞ্জ
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামে শুক্রবার সকালে আব্দুল কাদির (৬৫) নামে এক বৃদ্ধকে গলাটিপে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি দৌলতপুর গ্রামের উত্তরপাড়ার ফরিদ মিয়ার (৪০) একটি ছাগল হারিয়ে যায়। ছাগলটি ৩/৪ দিন আগে আব্দুল কাদিরের বাড়িতে পাওয়ায় উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
এর জের ধরে শুক্রবার সকাল ৯টার দিকে ফরিদ মিয়ার সঙ্গে আব্দুল কাদিরের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ফরিদ কাদিরের গলাটিপে ধরলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে স্থানীয় মার্কুলি নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।
এ ব্যাপারে এসআই আমিরুল ইসলাম জানান, এটি হত্যা না স্বাভাবিক মৃত্যু ময়নাতদন্তের আগে কিছুই বলা যাচ্ছে না।
দুপুর আড়াইটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা দায়ের করা হয়নি বলেও জানান তিনি।











