ঈদের আগেই ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী ও ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি গঠিত হতে যাচ্ছে অচিরেই। এ বিষয়ে মতামত নিতে ছাত্রদল নেতাদের নিয়ে ধারাবাহিক বৈঠক করছেন বিএনপির চেয়ারপার্সন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে শনিবার আড়াই ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার রাত সাড়ে দশটা পর্যন্ত বৈঠক মুলতবি করা হয়েছে। রাত সাড়ে ১০টায় বৈঠক শুরু হয়ে রাত ১টা পর্যন্ত চলা শনিবারের বৈঠকটি ছিল গত ১৯ জুলাই অনুষ্ঠিত বৈঠকের মুলতবি বৈঠক।সূত্র জানায়, ছাত্রদলের নতুন কমিটি চূড়ান্ত করতে বৈঠকে দ্বিতীয় দিনের মতো মতামত ব্যক্ত করেন ছাত্রদল নেতারা। ঈদের আগেই কমিটি ঘোষণা দিয়ে ঈদের পরে চলমান আন্দোলন জোরদার করতে চান এ কথা উল্লেখ করে মতামত দিতে বলেন খালেদা জিয়া।ছাত্রদল নেতারা কমিটি গঠনের জন্য দলীয় নেত্রীর ওপর আস্থা পুনর্ব্যক্ত করে জানান, তার সিদ্ধান্তই মেনে নেবেন তারা। তবে কেউ কেউ কমিটি গঠনের ক্ষেত্রে অন্য কেউ যেন হস্তক্ষেপ বা প্রভাবিত করতে না পারেন, সে ব্যাপারে সতর্ক থাকার অনুরোধ জানান। অনেকেই ছাত্রদলের মধ্যে যে মনস্তাত্বিক দ্বন্দ্ব রয়েছে, তা দূর করারও আহ্বান জানান।অধিকাংশ বক্তাই সাংগঠনিকভাবে শক্তিশালী ও বর্তমান ছাত্রদেরই ছাত্রদলের কমিটিতে গুরুত্ব দিতে খালেদার প্রতি অনুরোধ জানান বলেও বৈঠক সূত্র জানিয়েছে।বৈঠকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমসহ নির্বাহী কমিটির ১৭৩ জন নেতা অংশ নেন। তাদের মধ্যে ৩১ জন বক্তব্য রাখেন।এ ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এমপি বৈঠকে উপস্থিত ছিলেন।উল্লেখ্য, নতুন কমিটি বিষয়ে গত ১৯ জুলাই ছাত্রদলের বিভিন্ন স্তরের ১৭৫ জন নেতাকে নিয়ে একই কার্যালয়ে বৈঠক করেন খালেদা জিয়া। তাদের মধ্যে ২৭ জন তাদের মতামত ব্যক্ত করে বক্তব্য রাখেন।











