0
হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রী গুলতেকিন আমেরিকায়
সিলেট সংবাদ : জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রী গুলতেকিন এখন আমেরিকায়। হুমায়ূন আহমেদের পরিবারের দেওয়া তথ্যে জানা যায়, আমেরিকায় অবস্থানের পরও তিনি তার সাবেক স্বামীর মৃতদেহ দেখতে যাননি। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ব্যাপারে তিনি হুমায়ূন আহমেদের পরিবারের সদস্যদের সঙ্গেও কোনো যোগাযোগ করেননি। গতকাল দুপুরে হুমায়ূন আহমেদের মায়ের মিরপুর পল্লবীর ২৪/৪ এর বাড়িতে হুমায়ূন আহমেদের ছোট ভাই আহসান হাবীবকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা জানি গুলতেকিন বর্তমানে আমেরিকারই কোনো একটি প্রদেশে অবস্থান করছেন। কিন্তু সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তিনি হুমায়ূন আহমেদের মৃতদেহ দেখতে যাননি। উল্লেখ্য, ১৯৭৩ সালে হুমায়ূন আহমেদ প্রিন্সিপাল ইব্রাহিম খাঁর নাতনি গুলতেকিনকে বিয়ে করেন। হুমায়ূন-গুলতেকিন দম্পতির সংসারে জন্ম নেওয়া সন্তানেরা হলেন_ নোভা, শিলা, বিপাশা ও নুহাশ আহমেদ। কিন্তু এ কথাসাহিত্যিক ও নাট্যনির্মাতা নাটক তৈরি করতে গিয়ে তার কন্যা শিলার বন্ধু ও নাট্য অভিনেত্রী মেহের আফরোজ শাওনের সঙ্গে প্রণয়ে জড়িয়ে পড়েন। ফলে গুলতেকিনের সঙ্গে হুমায়ূন আহমেদের দীর্ঘ ৩০ বছরের সংসার জীবনের অবসান ঘটে। ২০০৭ সালে এ জনপ্রিয় সাহিত্যিক শাওনকে বিয়ে করেন। বর্তমানে হুমায়ূন-শাওন দম্পতির দুই ছেলে হচ্ছে নিষাত ও নিনিত।










