0
রমজানে সিয়াম সাধনার মাধ্যমে সম্প্রীতি বৃদ্ধি পায় : রাষ্ট্রপতি
সিলেট সংবাদ : রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান বলেছেন, পবিত্র রমজানে সিয়াম সাধনার মাধ্যমে তাকওয়া অর্জন, আত্মসংযম ও আত্মশুদ্ধির পাশাপাশি মানুষে-মানুষে সহমর্মিতা, সমপ্রীতি ও ভাতৃত্ববোধ বৃদ্ধি পায়। পবিত্র রমজান উপলক্ষে আজ এক বাণীতে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, ‘সংযম ও সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান আমাদের মাঝে সমাগত। মাহে রমজান উপলক্ষে তিনি দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।’রহমত, মাগফেরাত ও নাজাতের মাস পবিত্র মাহে রমজান এ কথা উল্লেখ করে জিল্লুর রহমান বলেন, পবিত্র এই মাসে ইবাদত বন্দেগির মাধ্যমে আল্লাহ’র অশেষ রহমত, অধিক ক্ষমা ও নৈকট্য লাভের পথ সুগম হয়। রাষ্ট্রপতি বলেন, রাসুল (স.) বলেন প্রত্যেক বস্তুর যাকাত (পবিত্রকরণ) আছে, আর দেহের যাকাত হলো রোযা (ইবনে মাজাহ্)। রমজানে দেহ ও মনের যাকাত আদায় হয়। তিনি বলেন, ‘আমরা পবিত্র মাহে রমজানে ইবাদত বন্দেগির মাধ্যমে আল্লাহর অশেষ ক্ষমা, রহমত ও বরকত কামনা এবং সংযম ও আত্মশুদ্ধির মাধ্যমে তাকওয়া অর্জন করি। মহান আল্লাহ্ আমাদের সকলকে পবিত্র রোজা পালনের তাওফিক দান করুন। আমীন।










