0
পবিত্র রমজানে বেগম খালেদা জিয়ার বাণী
সিলেট সংবাদ : বিএনপি চেয়ারপার্সন ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশসহ মুসলিম উম্মাহর অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। বেগম খালেদা জিয়া পবিত্র মাহে রমজান উপলক্ষে দেয়া এক বাণীতে এই মোবারকবাদ জানান। বেগম খালেদা জিয়া বলেন, বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমান রমজান মাসে সিয়াম সাধনার মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন। দিনে সকল ধরনের পানাহার থেকে বিরত থেকে মোমিন মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করেন। অন্যায়, জুলুম, অবিচার এবং লোভ লালসা সহ সকল ধরনের পাপকাজ থেকে বিরত থাকার মহান শিক্ষা দেয় মাহে রমজান উল্লেখ করে বিএনপি চেয়ারপার্সন বলেন, এ শিক্ষাকে বুকে ধারণ করে নিজেদেরকে পবিত্র মানুষ হিসেবে গড়ে তুলতে আমাদেরকে ব্রতী হতে হবে। অনাচার, হিংসা, বিদ্বেষ, হানাহানি পরিহার করে সমাজে শান্তি বজায় রাখতে সচেষ্ট থাকা প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের অবশ্য কর্তব্য।










