পদ্মা সেতু নির্মাণে প্রথম বছরের অর্থ যোগাড় হয়েছে : প্রধানমন্ত্রী
>>>> পদ্মা সেতু নির্মাণের জন্য প্রথম বছরের টাকা যোগাড় হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘আমরা অবশ্যই পদ্মা সেতুর কাজ শুরু করবো। ইতিমধ্যে আলোচনা করে বাজেট সাশ্রয় করে সেতু নির্মাণের প্রথম বছরের টাকার ব্যবস্থা করেছি।’ তিনি বলেন, সেতুর কোন কোন অংশের কাজ কত সময়ের মধ্যে করা হবে ইতিমধ্যেই সে সম্পর্কে পরিকল্পনা করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেয়ার ব্যাপারে যে কোম্পানির বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেটি বাদ দিয়ে অন্য কোম্পানি নিয়োগ দেয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগে আবার টেন্ডার আহ্বান করা হবে। এসময় বিশ্বব্যাংকের দুর্নীতির অভিযোগের বিশ্বাসযোগ্যতার ব্যাপারে প্রশ্ন তুলে শেখ হাসিনা বলেন, ওই প্রতিষ্ঠানের যে কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাকে গ্রেপ্তার করার এক বছর পরে তার ডায়েরিতে কি লেখা পাওয়া গেছে, সেই অজুহাত দেখিয়ে চুক্তি বাতিল করা হয়েছে। তিনি বলেন, ‘এমনতো হতে পারে যে ওই লেখা পরে কাউকে দিয়ে লিখে আনা হয়েছে নাকি অন্য কোনোভাবে তৈরি করা হয়েছে, তা কে জানে? এরা বিশ্বাসযোগ্যতা-ই বা কতটুকু?’ পদ্মা সেতু দুর্নীতি নিয়ে যারা কথা বলছেন, তাদের দুর্নীতির তথ্য সময় মতো প্রকাশ করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যাদের সময় বাংলাদেশ পাঁচ বার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে, যারা অরফানেজের টাকা আত্মাসাৎ করে, মানি লন্ডারিং করায় যাদের বিরুদ্ধে বিদেশ থেকে এসে সাক্ষ্য দিয়ে যায়, তাদের কাছ থেকে দুর্নীতির কথা শুনতে হয়, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।











