গাজীপুর-৪ আসনের উপ-নির্বাচনে অংশ নেবে না বিএনপি
>>>>> গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের উপ-নির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপি অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দলের ভারপ্রাপ্ত মহাসচিব সাংবাদিকদের জানান। রাত সাড়ে ৯টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। রাত সোয়া ১০টার দিকে এই বৈঠক শেষ হয়। বৈঠক শেষে ফখরুল সাংবাদিকদের বলেন, অনেক নাটকের পর তানজিম আহমেদ সোহেল তাজ পদত্যাগ করেছেন। কিন্তু, বৈঠকে বর্তমান নির্বাচন কমিশন ও আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি আর কোনো নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি অভিযোগ করে বলেন, যে নির্বাচন কমিশনের জন্মই হয়েছে অবৈধভাবে এবং অসাংবিধানিকভাবে, সেই নির্বাচন কমিশনের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সতর্ক করে দিয়ে বলেন, কেউ দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কাপাসিয়ার উপ-নির্বাচনে অংশ নিলে, তার বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেয়া হবে। রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি অংশ নেবে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি। পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হলে আপনাদের (সাংবাদিক) জানানো হবে।’ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, স্থায়ী কমিটির সদস্য ড. আরএ গণি, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, এমকে আনোয়ার, ড. মঈন খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ব্রি. জে. (অব.) আ স ম হান্নান শাহ, লে. জে (অব.) মাহবুবুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায় ও সরোয়ারি রহমান।











