পদ্মা সেতু || নির্বাচনী ব্যয় মেটাতে জনগণের পকেট কাটা শুরু : মির্জা ফখরুল
সিলেট সংবাদ : আগামী নির্বাচনের ব্যয় মেটাতেই সরকার পদ্মা সেতুর নামে জনগণের পকেট কাটতে শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের কথা বলে লুটপাটের নতুন ফন্দি করেছে। বড় কোনো প্রকল্প থেকে অর্থ পাবে না বলেই সরকার এই চুরি ও লুটপাটের পথ বেছে নিয়েছে।
গতকাল শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতীকী অনশন পালনকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।যুবদল নেতা এস এম জাহাঙ্গীর হোসেনের মুক্তির দাবিতে ঢাকা মহানগর যুবদল উত্তর এ প্রতীকী অনশনের আয়োজন করে।সরকারের সময় ঘনিয়ে এসেছে মন্তব্য করে ফখরুল বলেন, এই সরকারকে আর সময় দেয়া যায় না। তারা পুরো দেশকে অচল করে দিয়েছে। দেশের শিক্ষাঙ্গন ধ্বংস করে দিয়েছে। সব শিক্ষা প্রতিষ্ঠানে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে।তিনি বলেন, আমরা মনে করি এই সরকারের মন্ত্রিসভায় দু-একজন কাণ্ডজ্ঞান সম্পন্ন ব্যক্তি রয়েছেন। তাদের মধ্যে সৈয়দ আশরাফুল ইসলাম একজন। কিন্তু সঙ্গ দোষে তিনিও এখন আবোল-তাবোল বলতে শুরু করেছেন।সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে অভিযোগ করে ফখরুল বলেন, সরকার দলীয় কিছু ব্যবসায়ীর কারণে দ্রব্যমূল্য লাগামহীন হয়ে পড়েছে। মানুষ আর বাজারে যেতে পারছে না। বাজারে আগুন লেগেছে।তিনি বলেন, জনগণ অনেক সহ্য করেছে। এখন তাদের সহ্যের বাধ ভেঙে গেছে। অবিলম্বে দ্রব্যমূল্য না কমানো হলে জনগণ সরকারকে ক্ষমতাচ্যূত করতে বাধ্য হবে।ফখরুল বলেন, সরকার নির্বাচনে হেরে যাবে জেনেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। তারা দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে আবার ক্ষমতায় আসতে চায়। কিন্তু জনগণ তা কখনোই হতে দেবে না। জনগণ এখন তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।সরকার বিভিন্নভাবে বিরোধীদলীয় নেতাদের নির্যাতন করছে অভিযোগ করে তিনি বলেন, সরকারের অত্যাচার-নির্যাতনে বিএনপি নেতারা আজ অতিষ্ট। তারা কোনো সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে গেলেও স্বরাষ্ট্রমন্ত্রীর পুলিশ বাহিনী সেখানে হানা দেয়।তিনি বলেন, আমরা এই অত্যাচার-নির্যাতনের বিচার জনগণের ওপর ছেড়ে দিলাম। জনগণই এসবের বিচার করবে। সময় মতো জনগণ এর সঠিক জবাব দেবে। পরে কারাগারে আটক যুবদল নেতা এস এম জাহাঙ্গীরের জ্যেষ্ঠ মেয়ে জাইমাকে জুস পান করিয়ে অনশন ভাঙান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিমান বন্দর থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান নিজানের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল ও সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব প্রমুখ বক্তব্য রাখেন।











