যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত
>>>>যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। গুরুতর আহত আরো এক বাংলাদেশিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।গতকাল সোমবার বাংলাদেশ সময় বেলা ১১টায় নিউইয়র্কের গ্র্যান্ড আইল্যান্ডে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শফিউল আলম (২০), নাজিম খান (২১) ও রেজোয়ান চৌধুরী (২১)। আহত বোরহান রহমানকে (২২) ইরে কান্ট্রি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, ওই চারজনের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ এবং বালাগঞ্জ এলাকায়। মিশিগানের হ্যামট্রমিক সিটি থেকে তারা চার বন্ধু মিলে নায়াগ্রা জলপ্রপাত দেখতে নিউইয়র্কে এসেছিলেন। ফেরার পথে সোমবার বাংলাদেশ সময় সোমবার বেলা ১১টার দিকে বাফেলো এলাকার গ্র্যান্ড আইল্যান্ড বুলেভার্ডে তাদের গাড়িটি দুর্ঘটনায় পড়ে। পুলিশ সার্জেন্ট ব্রায়ান গুইজে বলেন, উল্টো দিক থেকে আসা গাড়িটি নিয়ম ভেঙে মহাসড়কে ভুল দিকে চলছিল। সংঘর্ষের ফলে দুটি গাড়িই দুমড়ে-মুচড়ে যায়। এসময় একটি গাড়িতে আগুন ধরে যায়।অপর গাড়ির চালক ৮৭ বছর বয়সী রিচার্ড হিল্ডাব্র্যান্ডকেও গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সময় তিনি নেশাগ্রস্ত ছিলেন কিনা পুলিশ তা পরীক্ষা করে দেখছে।











