এমসি কলেজ ছাত্রাবাসে হায়নাদের তান্ডবে সাবেক ছাত্রদল নেতাদের নিন্দা
সিলেট সংবাদ : সিলেটের ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান সিলেট মোরারিচাঁদ (এমসি) কলেজ হোষ্টেলে আওয়ামীলীগ ছাত্রলীগ সন্ত্রাসীদের হামালা, গুলি, ও তান্ডবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এমসি কলেজের ছাত্র সংসদ ও ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ। এক যুক্ত বিবৃতিতে এমসি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ওয়াহিদুজ্জামান, এমসি কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি মিফতাহ সিদ্দিকী, এমসি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাশুক আহমদ, এমসি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আহাদুর রহমান সোহেল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি, এমসি কলেজ সাবেক ছাত্রনেতা দেলওয়ার ইসমাইল টিটু, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি, এমসি কলেজের সাবেক ছাত্রনেতা কামরুল আহমদ কাবেরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক জিএস, এমসি কলেজের সাবেক ছাত্রনেতা ছাব্বির আহমদ চৌধুরী, এমসি কলেজের সাবেক সভাপতি আনোয়ার রেজা, এমসি কলেজের সাবেক সভাপতি আব্দুস শহিদ, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। সাবেক ছাত্রনেতারা বিবৃতিতে দুঃখ প্রকাশ করে বলেন সিলেটের ঐতিহ্যের স্মারক এমসি কলেজ এখন প্রতিহিংসার আগুনে পুড়ে একটি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। সরকার দলীয় ছাত্র সংগঠনের অস্ত্রধারী উগ্রপন্থী সন্ত্রাসীরা প্রশাসনের ছত্রছায়ায় এমসি বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রাবাসে আগুন জ্বালিয়ে ধ্বংস্তুপে পরিণত করেছে।
এমসি কলেজে ছাত্রলীগ নামধারী চিহ্নিত সন্ত্রাসীরা গত রোববার সন্ধ্যায় সম্পূর্ণ বিনা উস্কানীতে ছাত্রাবাসের বৈধ ছাত্রদের উপর পরিকল্পিত হামলা চালায়। এই হামলায় সন্ধ্যায় অর্ধশতাধিক নিরীহ ছাত্ররা গুরুতর ভাবে আহত হয়। পরে ছাত্রজনতার প্রতিরোধের মুখে ঠিকতে না পেরে ক্ষিপ্ত হয়ে বহিরাগত চিহ্নিত সন্ত্রাসীদের সহযোগীতায় শতবছরের ঐতিহ্যবাহী এমসি কলেজ হোস্টেলের প্রায় সবকটি কক্ষ আগুন দিয়ে পুড়িয়ে দেয়। মুহুর্তেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় অসংখ্য ছাত্রদের বই, খাতা, কম্পিউটার, লেপটপসহ প্রয়োজনীয় আসবাবপত্র। আওয়ামী ছাত্রলীগের এই হামলা আবারও প্রমান করলো তারা বাকশালী হায়নার রাজনীতিতে বিশ্বাসী। সাবেক ছাত্রনেতারা অবিলম্বে এই হায়নাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং ক্ষতিগ্রস্থ সাধারণ ছাত্রদের উপযুক্ত ক্ষতিপূরন দেয়ার জোর দাবী জানান। অন্যথায় সাধারণ ছাত্রজনতাকে নিয়ে এসব সিলেট বিদ্বেষী হায়নাদের প্রতিহত করা হবে।











