র্যাব-৯ এর পৃথক অভিযান : ডাকাত ও মাদক ব্যবসায়ী আটক : ডাকাতির মালামাল ও মাদক জব্দ
সিলেট সংবাদ : র্যাব-৯ এর কয়েকটি টিম সিলেটের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ডাকাতির মালামালসহ এক ডাকাত, মহিলা মাদক ব্যবসায়ী সহ বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে। গত বৃহস্পতিবার নগরীর টিলাগড় এলাকা, দক্ষিণ সুরমার কদমতলী ও বিশ্বনাথের খাজাঞ্চী গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়। র্যাব-৯ অভিযান চালিয়ে ডাকাতির সাথে জড়িত এক আসামীকে গ্রেফতার ও ডাকাতির মালামাল আট করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম আনোয়ার আলী (৩৫)। সে বিশ্বনাথ উপজেলার মদনপুর গ্রাম নিবাসী আইয়ুব আলীর পুত্র। র্যাব সূত্রে জানা যায়, গত ১৫ জুন বিশ্বনাথ উপজেলার ভুরকী গ্রামে হাজী আব্দুর রউফ এর বাড়ীতে ডাকাতি সংঘটিত হয়। উক্ত মামলায় আসামী আব্দুর রউফ পলাতক ছিল। পরে র্যাব-৯ গোপন সংবাদের ভিত্তিতে নগরীর টিলাগড় তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে ডাকাতি মামলার আলামত, নগদ ১০ হাজার ২’ ৯০ টাকা, ১টি স্বর্ণের চেইন, ১টি স্বর্ণের ব্রেসলেট, ১টি হাতঘড়ি ও ২টি মোবাইল সেট সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে র্যাব-৯ দক্ষিণ সুরমার কদমতলী এলাকায় অভিযান চালিয়ে ২৫ বোতল ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ী মহিলাকে আটক করেছে। আটককৃত মহিলার নাম জাহেদা বেগম (৩৫)। সে জকিগঞ্জ উপজেলার লোহার মহল গ্রামের মোঃ শাহদাত এর স্ত্রী।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর একটি দল গত বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুরমার কদমতলী বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মা টাওয়ারের সামনে থেকে ২৫ বোতল ফেনসিডিলসহ ঐ মহিলাকে আটক করা হয়। আটককৃত মহিলাকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে র্যাব-৯ এর একটি দল বিশ্বনাথে অভিযান চালিয়ে ৪৭ বোতল অফিসার্স চয়েস আটক করে। এ সময় মাদক ব্যবসায়ীরা পালিয়ে যেতে সক্ষম হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী গ্রামে র্যাব অভিযান পরিচালনা করে। এ সময় মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে সাথে থাকা ৪৭ বোতল অফিসার্স চয়েস জব্দ করা হয়। জব্দকৃত মাদক বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে।











