তরুণরা আওয়ামী লীগকে বিশ্বাস করে না : বিএনপি
>>>>>>তরুণরা আওয়ামী লীগকে বিশ্বাস করে না। তরুণদের আশা-আকাঙ্ক্ষা আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার পূরণ করতে পারেনি। তাই আগামী নির্বাচনে তরুণরা তাদের প্রত্যাখ্যান করবে। এমনটাই মনে করেন বিএনপি নেতারা। আগামী সংসদ নির্বাচন এবং এতে তরুণদের নিয়ে বিএনপির দলীয় ভাবনা জানতে নেতাদের সাথে কথা বলেন রিয়েল-টাইম নিউজ ডটকমের প্রতিবেদক আরেফিন শাকিল।সম্প্রতি আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে তরুণদের আওয়ামী লীগে যোগ দেয়ার আহ্বান জানান দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। রাজনীতি না করলে অন্তত তরুণদের সমর্থন চান তিনি। সৈয়দ আশরাফের এই আহ্বানকে সরকারের ক্ষমতা চিরস্থায়ী করার নতুন যড়ষন্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। তার এই আহ্বান তরুণরা প্রত্যাখ্যান করবে বলেও মনে করেন তারা। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহসানুল হক মিলন বলেন, বিশ্বায়নের এই যুগে তরুণ প্রজন্ম আওয়ামী লীগের প্রকৃত চেহারা দেখে ফেলেছে। সরকার যেভাবে শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিয়েছে, তাতে তরুণ প্রজন্ম আওয়ামী লীগে যোগ দেওয়ার পরিবর্তে তাদের প্রত্যাখান করেছে। তিনি বলেন, ‘ছাত্রলীগ যেভাবে শিক্ষা প্রতিষ্ঠানে টেন্ডার বাণিজ্য, হল দখল আর ভর্তি বাণিজ্য শুরু করেছে, তাতে শিক্ষা ব্যবস্থার গুণগত মান ধ্বংস হয়ে গেছে। অথচ আমরা ক্ষমতায় থাকতে শিক্ষা ব্যবস্থাকে একটি ঈর্ষনীয় পর্যায়ে রেখে গিয়েছিলাম।’সাবেক এই শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের সময় ছাত্র সংগঠনকে শিক্ষার মান উন্নয়নের কাজে নিয়োজিত রেখেছিলাম। কিন্তু বর্তমান সরকার তাদের ছাত্র সংগঠনকে দুর্নীতির কাজে ব্যবহার করেছে। তাহলে তরুণ প্রজন্ম কেন আওয়ামী লীগে যোগ দিবে?’ তিনি বলেন, গত সাড়ে তিন বছরে এই সরকার তরুণ প্রজন্মের জন্য কিছুই করতে পারেনি। তাদের নোংরা রাজনীতির কারণে এখন তরুণ প্রজন্ম রাজনীতি থেকে বিমুখ হতে শুরু করেছে। নতুন প্রজন্মের কোনো আশা-আকাঙ্ক্ষা সরকার পূরণ করেনি। ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শহীদ ইসলাম বাবুল বলেন, বর্তমান আওয়ামী সরকারের ফ্যাসিস্ট কর্মকাণ্ড আর ছাত্রলীগের টেন্ডারবাজির কারণে তরুণ প্রজন্ম আওয়ামী লীগকে এখন ঘৃণা করে, তারা আওয়ামী লীগকে প্রত্যাখান করেছে। তিনি বলেন, সরকার তাদের ছাত্র সংগঠনের মাধ্যমে সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে নৈরাজ্য সৃষ্টি করেছে। তাদের ডাকে কিভাবে ছাত্র সাড়া দেবে? আওয়ামী লীগ নেতাদের কথায় তরুণরা আস্থা রাখে না। ছাত্রদলের এই নেতা বলেন, গত সাড়ে তিন বছরে সরকার তরুণ প্রজন্মের জন্য কিছুই করতে পারেনি। তারা তাদের নির্বাচনী ইশতেহার পর্যন্ত পূরণ করেনি। তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতেও সরকার ব্যর্থ হয়েছে। সদ্য কারামুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ওবায়দুল হক নাসির বলেন, তরুণ প্রজন্মের কাছে বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে শিক্ষা ব্যবস্থাকে ডিজিটাল করার স্বপ্ন দেখিয়েছিল। কিন্তু তা পূরণে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, ‘সরকার ছাত্রলীগের মাধ্যমে ক্যাম্পাস দখল, নৈরাজ্য, টেন্ডারবাজি যেভাবে শুরু করেছে তাতে তরুণ প্রজন্ম আওয়ামী লীগের আহ্বানে সাড়া দিবে বলে আমার মনে হয় না। ক্ষমতাকে চিরস্থায়ী করতে এটা তাদের নতুন কূটকৌশল।’











