ধরমপাশায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ॥ দেশ ও জনগণের স্বার্থে স্বৈরাচারী সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে
>>>বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আলীম সহ ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আটক বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবীতে যৌথভাবে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে ধরমপাশা উপজেলা, ধরমপাশা ডিগ্রী কলেজ ও বাদশাগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদল। গতকাল সোমবার ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বিক্ষোভ মিছিল সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচারী ও ফ্যাসীবাদী আওয়ামীলীগ সরকার দেশে বাকশালের রাজত্ব কায়েম করতে চায়। তারা জানে শহীদ জিয়ার আদর্শের লড়াকু সৈনিক ছাত্রদল বেঁচে থাকলে তাদের সে আশা পূরণ হবে না। তাই তারা পথের কাঁটা ভেবে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সহ ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে গ্রেফতার করেছে। অবিলম্বে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় কারাগারে আটক বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সকল রাজবন্দীদেরকে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে ফ্যাসীবাদী সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে।
ধরমপাশা উপজেলার সিনিয়র ছাত্রদল নেতা মুশফিকুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদল নেতা ফারুক আহমদের পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধরমপাশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইশতিয়াক হোসেন চৌধুরী স্বপন। বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদল নেতা ইকবাল হোসেন, ওবায়দুর রহমান মজুমদার, নুরুল আমীন, শাহ আলম, বাদশাগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদল নেতা সাকিবুর রহমান, নাজমুল হোসেন, ধরমপাশা ডিগ্রী কলেজ ছাত্রদল নেতা হাবীবুল্লাহ হাবীব ও সামছুদ্দিন শামছু প্রমুখ। বিজ্ঞপ্তি











