খাদিমপাড়ায় জোড়া খুনের ঘটনা ॥ দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে র্যাব-পুলিশ ॥ নিহতদের দাফন সম্পন্ন
শহরতলীর খাদিমপাড়ার পূর্ব দলইপাড়ায় দাদি-নাতনি খুনের রহস্য উদঘাটন হয়নি। খুনি চিহ্নিত করতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) ও শাহপরান থানার পুলিশ দল ব্যাপক তৎপরতা চালিয়েছে। গতকাল র্যাব ও পুলিশ সন্দেহভাজন দুই যুবককে আটক করে। র্যাবের হাতে আটক যুবকের নাম তারেক (২২) ও আফজল মিয়া (১৮) নামে অপর যুবককে আটক করে পুলিশ। আটক দুজনের বাড়ি পূর্ব দলইপাড়ায়। এদিকে,এ জোড়া খুনের ঘটনায় পুরো পূর্ব দলইপাড়া এলাকায় আতংক বিরাজ করছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ বেশ তৎপর হয়ে উঠায় গ্রেফতারের ভয়ে অনেকেই আত্মগোপনে রয়েছেন বলে খবর পাওয়া গেছে।
খুনের ঘটনায় গতকাল অজ্ঞাতদের আসামী করে সিলেট মহানগর পুলিশের শাহপরান থানায় মামলা হয়েছে। নিহত স্কুলছাত্রীর বাবা নাসির উদ্দিন বাদী হয়ে গতকাল রবিবার সিলেট মহানগর পুলিশের শাহপরান থানায় এ মামলা দায়ের করেন।
সদর উপজেলায় খাদিমপাড়ার পূর্ব দলইপাড়ার বাসিন্দা বেসরকারি সংস্থা এফআইভিডিবির মাঠ কর্মকর্তা পদে কর্মরত নাসির উদ্দিনের বাড়িতে অজ্ঞাত দুর্বৃত্তরা তার মা মোমিনা খাতুন (৭০) ও স্কুলপড়ূয়া মেয়ে সাবিহা আক্তারকে (৭) খুন করে পালিয়ে য়ায়।
মামলার তদন্ত কর্মকর্তা শাহপরান থানার উপপরিদর্শক (এসআই) মোঃ শাহিন উদ্দিন জানান, গতকাল দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিহতদের ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। বিকেলে পারিবারিক গোরস্থানে নিহতদের দাফন সম্পন্ন হয়েছে।
আফজল নামে যুবক আটক প্রসঙ্গে এসআই বলেন, ‘ঘটনা সম্পর্কে জানতে এবং খুনি চিহ্নিত করতে পুলিশের একাধিক দল কাজ করছে। আটক যুবককে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
র্যাব-৯ জানায়, তারেক নামের যুবক ওই এলাকায় স্যাটেলাইট কেবল সার্ভিসের লাইনম্যান। ঘটনার দিন দুপুর একটা থেকে একটা ২০ মিনিটের সময় পূর্ব দলইপাড়ার ওই বাড়ি থেকে তারেককে হন্তদন্ত হয়ে বের হতে একাধিক এলাকাবাসী দেখেছেন। র্যাব এ বিষয়টি অবহিত হয়ে গতকাল সকালে পূর্ব দলইপাড়া থেকে তারেককে আটক করে র্যাব হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
র্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, তারেক ওই বাড়িতে দুপুরে স্যাটেলাইট টেলিভিশনের সংযোগ (ডিস কানেকশন) ঠিক আছে কি না দেখতে গিয়েছিল বলে স্বীকার করেছে। র্যাব তারেকের ব্যাপারে খোঁজ-খবর নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।
আজ সোমবার মানববন্ধনঃ পূর্ব দলইপাড়ায় প্রফুল্ল পাত্র বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী সাবিহা ও তার দাদি খুনের ঘটনার প্রতিবাদে আজ সোমবার মানববন্ধন করবে ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সামন্ত পাত্র গতকাল সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, খুনের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের দাবিতে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকসহ এলাকাবাসীর উপস্থিতিতে সকাল সাড়ে ১০টায় সিলেট নগরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন হবে।











