0
ঢাকায় প্রণব মুখার্জি
সিলেট সংবাদ : ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি শনিবার রাতে দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এশীয় উন্নয়ন ব্যাংকের বৈঠক শেষে ভারতের একটি বিশেষ প্লেনে তিনি ঢাকায় আসেন। প্রণব মুখার্জি ৭ সদস্যর একটি ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করবেন প্রণব মুখার্জি। এরপর পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে আলাদা বৈঠক করবেন তিনি।ভারতের সঙ্গে নতুন কোনো বিষয় নয়, বরং আগের অমীমাংসিত বিষয়গুলো নিয়েই আলোচনা করা হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: যৌথ ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি, তিস্তার পানিবণ্টন চুক্তি দ্রুত স্বাক্ষর, পুরোপুরি ট্রানজিট সুবিধার রূপরেখা প্রস্তাব, টিপাইমুখ বাঁধ, অর্থঋণ ছাড় এবং বন্দি বিনিময় চুক্তি।রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকীর যৌথ অনুষ্ঠানের সমাপনীতে অংশ নেবেন ভারতের অর্থমন্ত্রী।পরে রোববার সন্ধায় বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করবেন তিনি। এরপর ঢাকা ছাড়বেন প্রণব মুখার্জি।এ সফরে প্রণব মুখার্জি হোটেল সোনারগাঁও-এ থাকবেন বলে জানা গেছে।উল্লেখ্য, ২০১১ সালের ২২ জানুয়ারি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে ভারতের পেট্রাপোল স্থলবন্দরে পণ্যবাহী ট্রাক চলাচলে নতুন ‘কার পাস’ ব্যবস্থা উদ্বোধন করেন প্রণব মুখার্জি।এর আগে ২০১০ সালের আগস্টে প্রণব মুখার্জি ঢাকা সফর করেন। গত বছর ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরে তিনি ছিলেন না।










