ইলিয়াসকে খুঁজতে সর্বাত্মক চেষ্টার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী
সিলেট সংবাদ : বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলীকে খুঁজতে সরকারের সব ধরনের চেষ্টা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ইলিয়াস আলীর স্ত্রী তাহসীনা রুশদীর লুনা দেখা করলে শেখ হাসিনা তাকে এ আশ্বাস দেন।তাদের সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক (মিডিয়া) সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন রাজনীতির অনেক উর্ধ্বে মানবতা। এ মানবতার কারণেই দেশের যেকোনো নাগরিককে খুঁজে বের করা আমাদের দায়িত্ব।’তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে খুঁজতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের পরিবারের কাছে কোনো তথ্য থাকলে তা দিয়ে সহায়তার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।’তাহসিনা রুশদীর প্রধানমন্ত্রী সাথে দেখা শেষে সাংবাদিকদের বলেন, ‘স্বজন হারানোর বেদনা প্রধানমন্ত্রী জানেন ও বোঝেন। তিনি ইলিয়াস আলীকে খুঁজে পেতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।’তিনি বলেন, ‘আশাকরি, আমার স্বামী জীবিত ফিরে আসবেন।’বিকেল ৫টায় প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গণভবনে যান ইলিয়াসের স্ত্রী তাহসিনা রুশদীর লুনাসহ তার পরিবারের সাত সদস্য। তারা পরে সন্ধ্যা ৭টায় সাক্ষাৎ শেষে বের হয়ে আসেন লুনা।গত ৩০ এপ্রিল সোমবার সকালে বনানীর বাসভবনে এক সংবাদ সম্মেলনে স্বামী ইলিয়াস আলীকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর সাথে দেখা করার সুযোগ চান ইলিয়াস আলীর স্ত্রী।এরপর বুধবার সন্ধ্যা ৬টায় তাকে দেখা করার সময় দেয়া হয়েছে বলে ওই দিন রাতে গণমাধ্যমকে জানান প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ।১৭ এপ্রিল রাত দেড়টার দিকে বনানীর কাছে আমতলীতে বিএনপির সাবেক সংসদ সদস্য ও সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী তার ব্যক্তিগত গাড়িচালকসহ নিখোঁজ হন। পরে পরিত্যক্ত অবস্থায় গাড়ি উদ্ধার করা গেলেও তার খোঁজ দিতে পারেনি পুলিশ।











