হরতাল ঠেকাতে নেতা-কর্মীদের মাঠে থাকার আহবান জানালেন সাহারার
বিরোধী দলের ডাকা হরতাল প্রতিরোধে দলীয় নেতা-কর্মীদের মাঠে থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন।
তিনি বলেন, সরকার কিংবা আইন-শৃঙ্খলা বাহিনীর একার পক্ষে বিরোধী দলের এসব কর্মকাণ্ড প্রতিহত করা সম্ভব নয়। তাই তাদের সাথে সরকারদলীয় লোকদেরও হরতালে মাঠে থাকতে হবে।
শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর থানা পুলিশের কাছে সুধীজনের দেয়া গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
ইলিয়াস আলীকে নিয়ে বিরোধী দল নাটক করছে অভিযোগ করে তিনি বলেছেন, ইলিয়াস আলীকে খুঁজে বের করার জন্য আইন-শঙ্খলা বাহিনী সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এজন্য আমরা বিরোধী দলের কাছে সহযোগিতা চেয়েছিলাম, কিন্তু তারা করেনি।
সাহারা খাতুন বলেন, ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনাকে ইস্যু করে বিরোধী দল একের পর এক হরতাল দিয়ে যাচ্ছে। দেশে অরাজকতা সৃষ্টির জন্যই তারা এ কাজ করছে। হরতালের নামে কোন ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সহ্য করা হবে না।
তিনি বলেন, ‘সরকার ইলিয়াস আলীকে লুকিয়ে রেখেছে বলে অভিযোগ করা হচ্ছে। কিন্তু আমাদের সরকার হত্যা-গুমের রাজনীতিতে বিশ্বাস করে না, গণতন্ত্রে বিশ্বাসী।’
এসময় ইলিয়াস আলীর স্ত্রীকে ধন্যবাদ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিনি আমাদের সহযোগিতা করতে চান এবং করেছেনও। তবে বিরোধীদলীয় নেত্রীর সাথে কথা বলার পর তিনি পূবাইলে যাওয়ার ঘটনা মিডিয়ার কাছে অস্বীকার করেছেন।’
তেজগাঁও জোনের উপ-পুলিশ কমিশনার মো. ইমাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, পুলিশ মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ প্রমুখ।











