প্রধানমন্ত্রীর সিলেট সফরের দ্বায়িত্ব পালনকালে এসআই রায়হান আলী ব্রেন স্ট্রোকে মারা গেছেন
প্রধানমন্ত্রীর সিলেট সফরের দ্বায়িত্ব পালনকালে ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে কোতায়ালী থানার এক উপ-পরিদর্শকের মৃত্যু হয়েছে। নিহত এসআই মো. রায়হান আলী (৪২) কোতয়ালী থানার লামাবাজার পুলিশ ফাড়ীর ইনচার্জ ছিলেন।তার গ্রামের বাড়ি নীলফামারি জেলার ডুমার উপজেলার গোসাইগঞ্জ বাজার গ্রামের মৃত ভবির উদ্দিনের ছেলে।
রোববার সকাল ১০ টা ২০ মিনিটে ঢাকার ধানমন্ডি এলাকার রেইনবো হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার স্ত্রী লাভলী বেগম শান্তা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল্লাহ আল আজাদ জানান,শনিবার দুপুর ১ টায় নগরীর আম্বরখানা এলাকায় দ্বায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রায়হান। পরে তার সহকর্মীরা প্রথমে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে সিটিস্ক্যান রিপোর্টে তার ব্রেন স্ট্রোকের বিষয়টি ধরা পড়ে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়।
রোববার তার ব্রেনে আপরেশন হবার কথা ছিলো। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রায়হান। আব্দুল্লাহ আল আজাদ জানান, চাকুরীজীবনে রায়হান নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালন করেছে। তার এসিআরও ভালো ছিলো।
রোববার বিকেলে ঢাকাস্থ রাজারবাগ পুলিশ লাইনমাঠে প্রথম জানাযা শেষে তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। মুত্যুকালে এসআই রায়হান স্ত্রী ও দুই কন্যা সন্তান রেখে গেছেন।
রায়হান আলী ১৯৮৮ সালের ১৫ ডিসেম্বর কনস্টেবল পদে পুলিশ বাহিনীতে যোগ দেন। ২০০৪ সালে এএসআই পদে পদোন্নতি হয় তার। পরে ২০১০ সালের ১৫ জুলাই এসআই পদে পদোন্নতি পেয়ে সিলেট কোতয়ালী থানায় যোগ দেন। মৃত্যুর আগ মুহুর্ত পর্যন্ত তিনি এসএমপির লামাবাজার পুলিশ ফঁড়ির ইনচার্য হিসেবে দ্বায়িত্ব পালন করেন।











