ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ
সিলেট সংবাদঃ ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন। এরপর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।পরে আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে দলীয় নেতৃবৃন্দকে সংগে নিয়ে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।অন্যান্যের মধ্যে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য ডা: এস এ মালেক, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ ও সুরঞ্জিত সেনগুপ্ত এবং সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, আব্দুল লতিফ সিদ্দিকী, ওবায়দুল কাদের, এডভোকেট সাহারা খাতুন, এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ও সতিশ চন্দ্র রায় এবং দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, পররাষ্ট্রমন্ত্রী ডা: দীপু মনি, তথ্য মন্ত্রী আবুল কালাম আজাদ, স্বাস্থ্যমন্ত্রী ডা: আ ফ ম রুহুল হক, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান, ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু, এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপাংকর তালুকদার ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক এসময় তাঁর সংগে ছিলেন।এ ছাড়া মন্ত্রীর উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহি চৌধুরী ও মেজর জেনারেল (অবঃ) তারিক আহমেদ সিদ্দিকী, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আহমেদ হোসেন, মিজবাহ উদ্দিন সিরাজ ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সংসদ সদস্যবৃন্দ এবং দলের কেন্দ্রীয় ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।পরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির জনকের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।১৯৭১ সালের ৭ মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) বঙ্গবন্ধু এক বিশাল জনসমুদ্রে স্বাধীনতার ডাক দেন। তিনি বজ্রকণ্ঠে ঘোষণা করেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’











