বিএসটিআই অভিযান……….. ১০ লাখ টাকার ফলমূল জব্দ
নগরীতে আঙুর ও খেজুরে ব্যাপকভাবে ফরমালিন মিশিয়ে বাজারজাত করা হচ্ছে। বৃহৎ ফলের আড়ত কদমতলী থেকে তা ছড়িয়ে পড়ছে সিলেট জুড়ে। সোমবার বিএসটিআই অভিযান চালিয়ে এর সত্যতা পেয়েছে। জব্দ করা হয়েছে প্রায় ১০ লক্ষাধিক টাকা মূল্যের ফলমূল। মামলা হয়েছে ৪টি এবং জরিমানা করা হয়েছে ৬৫ হাজার টাকা। সপ্তাহব্যাপী এ অভিযান চলবে বলে জানায় বিএসটিআই।
বিএসটিআই সিলেটের উপ-পরিচালক রেজাউল হক বাংলানিউজকে বলেন, সিলেটের সর্ববৃহৎ ফলের আড়ত কদমতলীতে মোবাইলকোর্ট পরিচালানা করে আঙুর ও খেজুরে ব্যাপক ফরমালিন পায় বিএসটিআই।
সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইজার মোহাম্মদ ফারাবী বলেন, অভিযান টের পেয়ে আড়ত ফেলে রেখে পালিয়ে যান অধিকাংশ আড়তদার। এ সময় কাউকে পাওয়া যায়নি।
চারটি ফলের দোকানের বিরুদ্ধে মামলা ও ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আনোয়ার মিয়াকে ২০ হাজার টাকা, আলতাজ মিয়াকে ৩০ হাজার টাকা, কদমতলী আড়তের আরেকটি ফলের দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া আড়ৎ সংলগ্ন মাসুম ফুড প্রডাক্টস-এ বিএসটিআই অনুমতি ছাড়া বিস্কুট, পাউরুটি তৈরির কারণে সিলগালা করে দেয়া হয়। এছাড়া অপরিচ্ছন্নভাবে খাদ্য তৈরি, কাঠ পোড়ানোর অভিযোগে মামলা দেয়া হয়। অভিযানকালে আড়তদাররা জানিয়েছে, তারা ফরমালিন মেশাননি। বিদেশে এগুলোর ফরমালিন মেশানো হয়েছে।











