আগামী বছরের মধ্যে বিদ্যুতের চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকবে,আর বিদ্যুৎ সংকট থাকবে না : অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, আগামী বছরের মধ্যে বিদ্যুতের চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকবে, তাই আর বিদ্যুৎ সংকট থাকবে না। শনিবার ঢাকায় বিদ্যুৎ বিভাগের এক কর্মশালায় এ কথা বললেন। অর্থমন্ত্রী বলেন, বিদ্যুৎ খাতের উন্নয়নে বিনিয়োগের জন্য প্রচুর অর্থ প্রয়োজন। বাংলাদেশ এখন যে অবস্থানে উন্নীত হয়েছে এতে করে অর্থের সঙ্কট হবে না। জনগণকে হয়তো কিছুটা কষ্ট করতে হবে। কোনো সুফল পেতে হলে সেজন্য কষ্ট করতেই হয়। বিদ্যুৎ উৎপাদন বাড়াতে বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত জ্বালানি বহুমুখীকরণ এবং অদক্ষ কেন্দ্রগুলোর বিষয়ে নজর দেয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।শনিবার দুপুরে বিদ্যুৎ ভবনে দু’দিনব্যাপী বিদ্যুৎ বিভাগের ‘সেক্টর লিডার্স ওয়ার্কশপ’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।অর্থমন্ত্রী বলেন, সরকার চায় বিদ্যুতের চাহিদা থেকে সরবরাহ যেন বেশি হয়। অর্থাৎ কোনো ঘাটতি বা সঙ্কট যেন না হয়। তিনি বলেন, ১৯৯০-৯১ সালের দিকে দেশে বিদ্যুতের কোনো সঙ্কট ছিল না। অর্থাৎ চাহিদা ও সরবরাহের মধ্যে একটা ভারসাম্য ছিল। বিদ্যুৎ বিভাগের সচিব আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক।











